লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জানালেন, নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বমোট পঠিত : 2 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ।


সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া, রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে প্রতিপক্ষ মানছে না এনসিপি। ‘এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তাদের ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

বাংলাদেশে সম্প্রতি যে নাশকতা চলছে এর পেছনে ভারতের সংশ্লিষ্টতা দেখছেন নাহিদ। বললেন, ‘ভারত আওয়ামী লীগ এবং এ দেশের বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের এপার ও ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ। এর মধ্যে রয়েছে— ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের বিষয়।

পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে বৈঠকে, জানালেন এনসিপির শীর্ষ এ নেতা। প্রশাসনের পক্ষ থেকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়, সে দাবিও জানিয়েছেন তিনি।

বৈঠকে আরও কী কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এনসিপির এ নেতা বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সমসাময়িক বিভিন্ন ঘটনা, আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং প্রশাসনের দুর্বলতার বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

কী কী দাবি জানানো হয়েছে সে বিষয়ে কথা বলতে গিয়ে নাহিদ জানালেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদ গঠন করার আহবান জানিয়েছি। তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

এ বিষয়গুলো ঐক্যের শর্ত বলে স্পষ্ট করলেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ রাজনীতিবিদ। তার কথায়, ‘এই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে আমরা আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই তো আমরা চালিয়েই যাচ্ছি। শুধু ডিসেম্বর বা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য হলে হবে না।’

নাহিদ ইসলাম জানান, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাহিদ বললেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।

এনসিপির এ নেতা বললেন, আগে যে পররাষ্ট্রনীতি ছিল, সেটি আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি বা বিএনপির পররাষ্ট্রনীতি হিসেবে পরিচিত ছিল। এখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন।

বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে, জানালেন নাহিদ।

সীমান্তে বিজেপি সমাবেশ করছে জানিয়ে এনসিপির শীর্ষ এ নেতা বললেন, সেখানে আওয়ামী লীগ নেতারাও যুক্ত হয়েছে। বাংলাদেশে যা কিছু হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত। গ্লোবালি তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে।

বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না উল্লেখ করে নাহিদ বললেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারত সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।

এরপর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিরা।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

মাহ্দী আমিন বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলাম, এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সেই আকাঙ্ক্ষার কথা ফুটে উঠেছে।’

‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে বিএনপির যে নীতি, সবার আগে বাংলাদেশ, সেই নীতির বহিঃপ্রকাশ ঘটিয়ে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বললেন, ‘এখানে জাতির স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি, যে কোনো দেশে পলাতকরা, ফ্যাসিস্টরা রয়েছে, সেখান থেকে কোনো অস্থিতিশীলতা যেন তৈরি করা না হয়। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে বাংলাদেশের সবাই মত, পথ নির্বশেষে ঐক্যবদ্ধ রয়েছে।’
মতবিনিময়ের ক্ষেত্রে শর্তের কোনো বিষয় ছিল না, সাংবাদিকদের প্রশ্নে বলেন তিনি।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। এরমধ্যে নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগও তৈরি হয়েছে, যার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করছে ক্ষমতাসীন বিএনপি।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে আজ এনসিপির সঙ্গে বৈঠক হলো।

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম পর্যায়ে দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজনে আয়োজন করা হতে পারে সর্বদলীয় বৈঠক।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি