শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার

শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার
সর্বমোট পঠিত : 0 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উদ্যোগে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভাকে অবহিত করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক জয়শ্রী পাল। এসময় তিনি বলেন, একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগৃহীত তথ্যে মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতে বিদ্যমান সুযোগ-সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়, যার ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সহজতর হয়। তাছাড়া দেশের মোট স্থূল উৎপাদনের সঠিক আকার নিরূপণসহ অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও যৌক্তিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরসহ ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

আলোচনা সভায় জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’–এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা (EA) গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে ৮৭ হাজার ৪১৯ জন গণনাকারী, ১৬ হাজার ৯৩৪ জন সুপারভাইজার, ২ হাজার ৫৭৭ জন জোনাল অফিসার, ২ হাজার ৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন। শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, শেরপুর জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৮৭৪টি, যার মধ্যে স্হায়ী ৪৮ হাজার ৯১০ টি, অস্হায়ী ২ হাজার ৯২৩ টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৫৬ হাজার ৪১ টি।

অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী নিয়োজিত মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। এ হতে দেখা যায়, ২০১৩ সালের চেয়ে ২০২৪ সালে জনবল ২৫.০৩% বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী মোট জনবলের ৮৩.২৮% পুরুষ (২ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৬৫২ জন), মহিলা ১৬.৭১% (৫১ লাখ ১৯ হাজার ২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১ হাজার ৭৩৮ জন)। শেরপুরে এই অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ২ লাখ ৪ হাজার ৪২৩ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৭৯০ জন স্থায়ী, ৩ হাজার ৬৮২ জন অস্থায়ী ও ৬৩ হাজার ৯৫১ জন অর্থনৈতিক খানার অন্তর্ভূক্ত। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী শেরপুর জেলায় ৪২ টি বৃহৎ শিল্প, মাঝারি ২২৪ টি, ক্ষুদ্র ৩ হাজার ৯৯৬ টি, ৫১ হাজার ৩৪ টি মাইক্রো শিল্প ও ৫২ হাজার ৫৭৮ টি কুটির শিল্প রয়েছে। দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের সিংহভাগই এখন সেবা খাতের দখলে। মোট ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্গত, যেখানে শিল্প খাতের অবদান মাত্র ৯.৯৮ শতাংশ। এর মধ্যে 'পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত' খাত সর্বোচ্চ ৪১.৮২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।

সর্বোপরি, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণের মাধ্যমে শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের, শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি কীভাবে বা কোনদিকে ধাবিত হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ, এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার ‘Parent - Child Relationship’ চিহ্নিত করণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাঠ পর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেজ রেজিস্টার জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও অংশীজনদের সহায়তা চেয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি