কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে।
সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুজন আটক
সুন্দরবন ভ্রমনে আসা পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুইজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে।
গত ৪ মে ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৪ মে বিকাল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য