সম্মেলনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়ে, নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ্।'
প্রশাসনিক কর্মকর্তাদের 'নির্ভয়ে, নিরপেক্ষভাবে' কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ ও জনগণের কল্যাণে প্রশাসনিক কর্মকর্তাদের 'নির্ভয়ে, নিরপেক্ষভাবে' কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়ে, নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ্।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'দেশ এবং জনগণের কল্যানে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমৰ্থন জানিয়েছে। সুতরাং, এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়। এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং, এখন ইশতেহার বাস্তবায়নের পালা।'
বক্তব্যে জনস্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে জনপ্রশাসনের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, 'জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের উপর বর্তায়। সুতরাং, সরকারের কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের সাফল্য, শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়। এ কারণেই আমি বলি, জনপ্রশাসনের কর্মকর্তাগণ বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক এম্বাসেডর।'
বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয় তাহলে এই মালিক অর্থাৎ সেবাগ্রহীতারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্ব বলেই আমি মনে করি।'
বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এই বার্ষিক সম্মেলনে জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য