বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে, যা চলবে ৯ মার্চ। ফিরতি যাত্রার টিকিট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। এবারেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
ঈদযাত্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন, এবারও শতভাগ টিকিট বিক্রি অনলাইনে
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। গতবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে, যা চলবে ৯ মার্চ। ফিরতি যাত্রার টিকিট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। এবারেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি:
৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট; ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট।
এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট।
এতে বলা হয়, একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে।
ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। ঈদের আগে ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বিশেষ ট্রেনের সূচি:
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’। ফিরতি ট্রেন ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছুবে সকাল ৮টা ৫০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকেল সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছাবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। ফিরতি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ দুপুর ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ দুপুর ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল সোয়া ৮টায় ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
মন্তব্য