এ সময় নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকারের এই সময়ে ট্রাইব্যুনালে বিচারের গতি আরও বাড়বে, অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা হবে।
দায়িত্ব নিয়ে যা বললেন ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। দায়িত্ব পাওয়ার পর সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকারের এই সময়ে ট্রাইব্যুনালে বিচারের গতি আরও বাড়বে, অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা হবে।
সোমবার আইন মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (অ্যাক্ট নং.এক্সআইএক্স অব ১৯৭৩) এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।
মন্তব্য