ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর থেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছেন ভিনিসিয়ুস। এ কারণে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেননি তিনি। পরিবর্তে জিমেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভিনি।
মরার ওপর খাঁড়ার ঘা ব্রাজিলের
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে সেলেসাওরা। ওই ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে জোরেশোরেই। তার মধ্যেই ব্রাজিলের চিন্তা বাড়ায় রাফিনিয়া ও ওয়েসলির চোট। চোটাক্রান্ত দুজনকে আগামী বুধবার ভোরে ক্রোয়েশিয়ার বিপক্ষে হতে যাওয়া ম্যাচে পাবে না ব্রাজিল।
এমনিতেই দুরবস্থায় আছে ব্রাজিল। এবার নতুন করে সেলেসাওদের দুশ্চিন্তা বাড়িয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের চোট। আর সেই চোটের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন রেয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার।
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর থেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছেন ভিনিসিয়ুস। এ কারণে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেননি তিনি। পরিবর্তে জিমেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভিনি।
একই ধরনের তথ্য জানিয়েছে আরেক সংবাদমাধ্যম ইএসপিএন। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ফ্রান্স ম্যাচের পর শারীরিক অস্বস্তির কথা নিজেই জানান ভিনিসিয়ুস। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় ভিনিসিয়ুসের বড় ধরনের কোনো চোট ধরা না পড়লেও বিষয়টিকে ‘মাসল ফ্যাটিগ’ বা পেশির ক্লান্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এ সমস্যাটা যেন বেড়ে না যায়, এ কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভিনিকে অনুশীলন থেকে আপাতত দূরে রাখা হয়েছে।
এদিকে ভিনিসিয়ুসকে নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় একাদশ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আনচেলত্তি। রাফিনিয়া ছিটকে যাওয়ায় এমনিতেই আক্রমণভাগে বিকল্প কম ব্রাজিলের, তার ওপর ভিনিও যদি খেলতে না পারেন, ব্রাজিলের সংকট আরও বাড়বে। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশাবাদী, ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ভিনিসিয়ুস। আর সেক্ষেত্রে তাঁকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটা আগামী ৪৮ ঘণ্টা ভিনির শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি।
মন্তব্য