আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

সর্বমোট পঠিত : 94 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মানবতাবিরোধী এ অপরাধের মামলায় ৫ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়। মামলায় সাভারে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেপ্তার ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাতসহ ৮ পুলিশ সদস্য। এর মধ্যে রাজসাক্ষী হয়েছেন এসআই আফজালুল হক।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোসহ ৭ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার সাবেক ওসি সৈয়দ রনিসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রাজসাক্ষী হওয়ায় এসআই আবজালুলকে ক্ষমা ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, আশুলিয়া থানার তৎকালীন এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও কনস্টেবল মুকুল চোকদার।

যাবজ্জীবনপ্রাপ্ত সাতজন হলেন- ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন ও সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

৭ বছরের সাজা পেয়েছেন দুজন। তারা হলেন- এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসান। আর খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আবজালুল হক। তিনি এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

এদিন বেলা ১২টা ২৫ মিনিটে এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়েন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

গত ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

বিটিভিসহ সামাজিক মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ আসামির অপরাধ প্রমাণের দাবি করে এ মামলায় সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন আশুলিয়ায় গুলি করে হত্যা করা হয় আস সাবুর, তানজিল বায়েজিদসহ ৫ জনকে। এছাড়া সজল নামে গুরুতর আহত হয় আরেক শিক্ষার্থী। এই ছয়জনকে জড়ো করে আশুলিয়া থানার পাশে পুলিশ ভ্যানে আগুন দিয়ে পোড়ানো হয়।

মানবতাবিরোধী এ অপরাধের মামলায় ৫ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়। মামলায় সাভারে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেপ্তার ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাতসহ ৮ পুলিশ সদস্য। এর মধ্যে রাজসাক্ষী হয়েছেন এসআই আফজালুল হক।

মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য প্রমাণে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্র পক্ষের।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি