সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন- প্রায় ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, শহর আলোকায়ন, বৃক্ষরোপণ এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়নে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জামালপুর পৌরসভার ৫১কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য কোনো ধরনের পৌরকর বৃদ্ধি ছাড়াই ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা এবং উদ্বৃত্ত থাকবে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা।
সোমবার (২৯ জুন) জামালপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক মৌসুমী খানম এ প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে গত ২৪ জুন অনুষ্ঠিত প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। পানি সরবরাহ শাখায় আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া চলমান চারটি উন্নয়ন প্রকল্প ও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল মিলিয়ে আয় ধরা হয়েছে ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং ব্যয় ২৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৫২ টাকা। কোভিড-১৯ প্রতিক্রিয়া (LGCRRP) খাতে আয় ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে কুয়েতের অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ৬৩ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা তহবিলে ১ কোটি ৫৪ লাখ টাকা আয় ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন- প্রায় ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, শহর আলোকায়ন, বৃক্ষরোপণ এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়নে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মো. শরীফ উদ্দিন সোহাগ, প্রশাসকের সহায়তা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
মন্তব্য