মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু যোগদান অনুষ্ঠানে বলেন, ‘আজ যাঁরা বিএনপিতে যোগদান করলেন, তাঁরা দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আজ তাঁরা বুঝেছেন, রংপুরসহ সারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপিই জনগণের আসল প্রতিনিধি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিএনপির পতাকা তলে এসেছেন। আমি তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানাই।’
রংপুরে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতা-কর্মী
রংপুরে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন শতাধিক নেতা-কর্মী। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।
আজ মঙ্গলবার সকালে জাপা থেকে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি জানান মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
জাতীয় পার্টির সাবেক নেতা-কর্মীরা হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন–নগরীর মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক কর্মী-সমর্থক।
অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতারা বলেন, রংপুরে জাতীয় পার্টির অনেক তৃণমূল নেতা বিএনপির আন্দোলন, আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে যোগ দিচ্ছেন। এতে দল আরও শক্তিশালী হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু যোগদান অনুষ্ঠানে বলেন, ‘আজ যাঁরা বিএনপিতে যোগদান করলেন, তাঁরা দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আজ তাঁরা বুঝেছেন, রংপুরসহ সারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপিই জনগণের আসল প্রতিনিধি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিএনপির পতাকা তলে এসেছেন। আমি তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, বর্তমান সময়ে রংপুরের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। জনগণ একদলীয় শাসন ব্যবস্থায় ক্লান্ত। মানুষ এখন গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি চায়। বিএনপির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে, যার প্রমাণ আজকের এই যোগদান।
বিএনপি নেতা সামু দাবি করেন, এভাবেই তৃণমূল থেকে বিএনপি সংগঠিত হচ্ছে এবং আগামী আন্দোলন-সংগ্রামে এই নতুন কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, মহানগর যুবদল নেতা মো. সেলিম, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম রাশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
নেতারা যোগদানের পর বলেন, ‘আমরা দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে ছিলাম, কিন্তু বর্তমানে দলটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিএনপি আজ গণমানুষের কণ্ঠস্বর হিসেবে মাঠে আছে। তাই আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তাঁর দলের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছি।’
এ সময় বিএনপির নেতারা নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের সক্রিয়ভাবে সাংগঠনিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীত ও শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর বিএনপি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে একাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মহানগর বিএনপি নেতৃত্ব বলছে, জনগণের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের রাজনীতিই এখন রংপুরে নতুন গতি আনছে।
মন্তব্য